দেশের উত্তরাঞ্চল ছাড়া কোথাও তেমন শীত নেই এখন। বর্তমানে দিনে হালকা উষ্ণতা পাচ্ছে দেশের শহর এলাকার মানুষ। শীত বাড়ার সম্ভাবনা নেই আগামী কয়েকদিনে। তবে জানুয়ারির প্রথম সপ্তাহে শীত জাঁকিয়ে নামতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এছাড়া বুধবার (২৯ ডিসেম্বর) উত্তরাঞ্চলসহ দেশের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। সেই বৃষ্টির প্রভাব পড়তে পারে রাজধানীতেও।
আবহাওয়া অধিদফতর জানায়, শীত কম থাকলেও দেশে সন্ধ্যা থেকে পরের দিন ভোর পর্যন্ত কুয়াশা থাকছে। এছাড়া আকাশে রয়েছে মেঘের আনাগোনা। এ কারণেই শীত কমেছে। আর দুই-তিন দিন উত্তরাঞ্চল ছাড়া দেশের অন্যত্র তেমন শীত থাকবে না।
আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, বুধবার থেকে দেশের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। ক্রমশ তাপমাত্রা কমতে থাকবে। ১-৩ জানুয়ারি উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
সোমবার (২৭ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।